২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় কিলার সোহেল গ্রেপ্তার

দুই পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামী সোহেল ওরফে 'কিলার সোহেলকে' সোমবার ভারত সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 05:32 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুই পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামী সোহেল ওরফে 'কিলার সোহেলকে' সোমবার ভারত সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফের নেতৃত্বে পরিদর্শক শ্যামল চৌধুরীসহ অন্যরা সোমবার যশোরের শার্শা সীমান্ত থেকে সোহেলকে গ্রেপ্তার করেন। কিলার সোহেল ২০০৪ সালের ২৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রদল সভাপতি তানজিলুর রহমান তানজিলের সঙ্গে মতিঝিলের এজে মানি এক্সচেঞ্জে ডাকাতি করতে যায়। এ সময় গোয়েন্দা পুলিশের নবগঠিত 'কোবরা' দলের সদস্যরা তাদেরকে প্রতিহত করতে গেলে তারা গুলি চালায়। এতে উপ-পরিদর্শক আমিনুল ও হাবিলদার লিয়াকত নিহত হন। সোহেলের বিরুদ্ধে পুলিশ হত্যার অভিযোগ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্রদল নেতা মাহাবুবুল আলম খোকন হত্যাসহ ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সিআইডির পরিদর্শক (ইন্সপেক্টর) শ্যামল চৌধুরী। সে বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে অপরাধ করতো বলে অভিযোগ রয়েছে। পরিদর্শক শ্যামল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের (সিআইডির) কাছে খবর ছিল যে উপজেলা নির্বাচনকে সামনে রেখে সোহেল বাংলাদেশে আসতে পারে। এজন্য রোববার রাত থেকেই ওই এলাকায় ওঁত পেতে বসে ছিল সিআইডির সদস্যরা। সোমবার শার্শা সীমান্তের নারকেলগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসআইটি/এসকে/