ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শিক্ষাঙ্গনে সুস্থ ও স্বাভাবিক ছাত্র আন্দোলন চললেও কোন প্রকার সন্ত্রাস ও বিশৃঙ্খলা গ্রহণ করা হবে না বলে ছাত্র সংগঠনগুলোকে সতর্ক করলেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এর আগে স্বয়ং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরূপ বক্তব্যের পর শিক্ষা মন্ত্রীর এ ঘোষণা এলো।
সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে আওয়ামী লীগ পন্থী বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগঠনের জোট জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের নেতাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন," শিক্ষাঙ্গনে কোন প্রকার সন্ত্রাস ও বিশৃঙ্খলা গ্রহণ করা হবেনা। তবে সুস্থ্য ও স্বাভাবিক ছাত্র আন্দোলন চলবে।"
শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠককালে শিক্ষা মন্ত্রী তাদের জানান, গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত শিক্ষানীতিকে আরও যুগোপযোগী করে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে তিনি বলেন,"স্বাধীনতার পর কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠন করা হলেও ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তা বাতিল করে দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী বলেন, কুদরত-ই-খোদা শিক্ষা কমিশনের আলোকে ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারের আমলে যে শিক্ষানীতি (ড.শামসুল হক শিক্ষা কমিশন) করা হয় শিক্ষাবিদসহ সংশ্লিষ্টদের আলোচনা করে তা আরও যুগোপযোগী করে দ্রুত বাস্তবায়ন করা হবে।
এসময় মন্ত্রী শিক্ষার উন্নয়নে শিক্ষকদের 'নিয়ামক উপাদান' হিসেবে উল্লেখ করে তাদের সহযোগিতা চান। শিক্ষকদের আর্থিক সুযোগ-সুবিধাসহ মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষকদের পক্ষে সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ গত জোট সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে কথিত দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ বিভিন্ন দাবি তুলে ধরেন এবং মন্ত্রীকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে শিক্ষাক্ষেত্রে সেক্টরভিত্তিক দশটি টাস্কফোর্স গঠন,শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অবসর সুবিধা বোর্ড, কল্যাণ ট্রাস্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট অফিসগুলো থেকে জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া 'অযোগ্য ও দলবাজ' লোকদের অপসারণ, অন্যায়ভাবে চাকরিচ্যুত শিক্ষক-কর্মচারীদের পুনর্বহাল করা ইত্যাদি।
কাজী ফারুক আহমেদ ছাড়াও ফ্রন্ট নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন মোহাম্মদ আজিজুল ইসলাম, আসাদুল হক, আব্দুর রশিদ, আব্দুস সাত্তার, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।
নেতারা ফুল দিয়ে শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালে তিনি বলেন," ফুল দেওয়ার বিষয়টি আমার জন্য বিব্রতকর। এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২১২ঘ.
bdnews24