২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে রাজশাহীতে নির্মূল কমিটির পাঁচ প্রস্তাব

রাজশাহীতে ঘাতক দালাল নির্মূল কমিটি একাত্তরের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় জড়িতদের বিচারের জন্য তদন্ত কমিশন গঠনসহ পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছে। সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঘাতক দালাল নির্মূল কমিটির এক সভায় সংবিধানের আলোকে ব্যবস্থা নেওয়ার সরকারের কাছে এ প্রস্তাব করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

রাজশাহী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে ঘাতক দালাল নির্মূল কমিটি একাত্তরের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় জড়িতদের বিচারের জন্য তদন্ত কমিশন গঠনসহ পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছে। সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঘাতক দালাল নির্মূল কমিটির এক সভায় সংবিধানের আলোকে ব্যবস্থা নেওয়ার সরকারের কাছে এ প্রস্তাব করা হয়। 'নির্মূল কমিটির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুদ্ধাপরাধ-৭১' শীর্ষক প্রমাণ্যচিত্র প্রদর্শনী উপলক্ষে এ সভা আয়োজন করা হয়। পাঁচ দফার অপর চার প্রস্তাব হল- আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করে য্দ্ধুাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ, একাত্তরের ঘাতকদের মধ্যে যারা এখনও স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গণবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে বিশেষ করে জামায়াতে ইসলামীসহ ধর্ম ব্যবসায়ীদের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ, একাত্তরে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন '৭২ এর সংবিধান অবিলম্বে পুনরুজ্জীবিতকরণ এবং রাজশাহীসহ দেশের সকল বধ্যভূমি চিহ্নিত ও সংরক্ষণের ব্যবস্থা করা। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, "রাজশাহীসহ সারাদেশে ঘাতক দালাল ছাড়াও যারা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে তাদের দমন করতে হবে।" তিনি আরও বলেন, "এখনও অনেকে ভয়ে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা করতে সাহস পাচ্ছেন না। যারা মামলা করবে রাষ্ট্রকে তাদের নিরাপত্তা দিতে হবে।" দেশের প্রচলিত আইনে প্রমাণ সাপেক্ষে এদের বিচার করার দাবি জানান লিটন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাইদুর রহমান খান বলেন, "বিলম্বে হলেও নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের সময় এসেছে এবং যুদ্ধাপরাধীরা উচ্ছেদ হয়েছে।" নতুন প্রজন্ম স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে রায় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "সরকারকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য চাপ সৃষ্টি করতে হবে।" নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপহার দেওয়ার জন্যও সরকারের প্রতি আহবান জানান সাবকে উপাচার্য। ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ডা. সৈয়দ সাফিকুল আলম বলেন, "যুদ্ধাপরাধীরা ৫৩ ধরনের অপরাধ করেছে। আর দেশের প্রচলিত আইনে এসব অপরাধ সংঘটনের জন্য যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব।" পাকিস্তানি বাহিনী, তাদের দালাল ও নির্দেশ প্রদানকারীদের অপরাধ সংঘটনের অসংখ্য প্রমাণ রয়েছে দাবি করে তিনি বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, হচ্ছে। বাংলাদেশেও অবশ্যই করতে হবে।" রাজশাহী মহিলা পরিষদ সাধারণ সম্পাদক কল্পনা রায় বলেন, "যারা যুদ্ধাপরাধ করেছে তাদের আর কোন সুযোগ দেওয়া যাবে না। আইনী প্রক্রিয়ায় অবিলম্বে তাদের বিচার শুরু করা উচিত।" সভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নির্মূল কমিটির রাজশাহীর সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাদশা, জাসদের নগর সম্পাদক আব্দুল্লাহ মাসুদ শিবলী, সিপিবি'র কেন্দ্রীয় সদস্য এনামুল হক, ওয়ার্কার্স পার্টি নেতার এন্তাজুল হক বাবু, ঘাতক দালাল নির্মূল কমিটির রাজপাড়া থানা সভাপতি প্রকৌশলী সাজ্জাদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে '৭১ এর যুদ্ধাপরাধ শীর্ষক প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে বিকেলে ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে একটি র‌্যালি নগরীর লক্ষ্মীপুরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০২ ঘ.