ফরিদপুর, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সোমবার সন্ধ্যায় দুই চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতার সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন।
তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালালউদ্দিন জানান, উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয়রা জানান, বিকেলে নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড় এলাকায় চেয়াম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মনিরুজ্জামান সরদারের নির্বাচনী সভা শেষে তার সমর্থকদের সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী শ্রমিকলীগের কেন্দ্রীয় সদস্য খলিলুর রহমানের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬টার দিকে নগরকান্দা বাজার এলাকায় দুপক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24