২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীররাতে রেলভবনে ঢুকে ৫৬ কক্ষ ভাঙচুর, নথি তছনছ

রাজধানীতে রেলওয়ে ভবনে রোববার রাতে ঢুকে কে বা কারা অন্তত ৫৬টি কক্ষ ভাঙচুর করেছে। এ ঘটনায় ভবনটির সাত নিরাপত্তারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রেলওয়ের মহাপরিচালকের একান্ত সচিব সরদার শাহাদত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 09:10 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে রেলওয়ে ভবনে রোববার রাতে ঢুকে কে বা কারা অন্তত ৫৬টি কক্ষ ভাঙচুর করেছে। এ ঘটনায় ভবনটির সাত নিরাপত্তারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রেলওয়ের মহাপরিচালকের একান্ত সচিব সরদার শাহাদত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি আরো জানান, রেলওয়ের প্রকৌশল শাখার যুগ্ম পরিচালক হাবিব আহমেদকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অপর সদস্যরা হলেন মেকানিক্যাল শাখার যুগ্ম পরিচালক আখতারুজ্জামান হায়দার, অর্থ শাখার যুগ্ম পরিচালক টি এ এম রাশেদুল ইসলাম এবং চীফ কমান্ডেন্ট (পূর্ব শাখা) শাহ আলম। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। শাহবাগ থানার উপ পরিদর্শক মো: নাসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "এ ভবনের কর্মকর্তা ও কর্মচারিরা সকালে অফিসে এসে দরজা ভাঙ্গা দেখে পুলিশকে খবর দেয়। কর্মকর্তারা পুলিশকে দোতলা থেকে সাত তলা পর্যন্ত ৫৬টি কক্ষের তালিকা দিয়েছে। এসব কক্ষের দরজার তালা ও আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করা হয়েছে।" দোতলায় ৪টি, তিনতলায় ২টি, চারতলায় ১২টি, পাঁচতলায় ১৭টি, ছয়তলায় ৯টি এবং সাততলায় ১২টি কক্ষে ভাঙচুর হয়েছে বলে জানান তিনি। সন্ত্রাসীরা সাততলায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ে রিফর্ম কনসাল্টিং প্রজেক্ট অফিস থেকে ৮৬ হাজার টাকা এবং তিনটি মোবাইল সেট নিয়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ অফিসের অ্যাকাউন্টিং (প্রশাসন) ম্যানেজার ফিলিপ রোজারিও। পুলিশ জানিয়েছে, ছয়তলায় অবস্থিত সিএসটিআই টেলিকম এর কর্মকর্তা মো: আনোয়ারুল হকের কক্ষ থেকে একটি ল্যাপটপ হারিয়ে গেছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মো: ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর পরিদর্শক আনোয়ার হোসেন, হাবিলদার মো: শাহিদুল আলমসহ রেলওয়ে ভবনের নিরাপত্তার কাজে নিয়োজিত সাতজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরো জানান, এ সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এদের কাছ থেকে এখনও পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। রেলওয়ের মহাপরিচালক মো: বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সকালে পূর্ব নির্ধারিত একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সভার জন্য সব কর্মকর্তা ও কর্মচারিকে সকাল আটটার মধ্যেই অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।" এ ভবনের পিয়ন মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল পৌনে আটটার দিকে অফিসে এসে মহাপরিচালকের একান্ত সচিব সরদার শাহাদত আলীর কক্ষ খুলতে গিয়ে দেখি দরজার তালা ভাঙা। পরে দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং ভিতরে কাগজপত্র তছনছ অবস্থায় দেখতে পাই। বিষয়টি মোবাইলে শাহাদতকে জানাই। এরপর শাহাদতের কাছ থেকে মহাপরিচালক এ ঘটনা শুনে অফিসে আসেন।" বেলায়েত হোসেন জানান, তার কক্ষ থেকে একটি শাবল উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এফএফ/এজে/জিএনএ/১৫০৪ ঘ.