২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনের প্রচারণায় সাংসদদের 'সংযত' থাকার অনুরোধ

উপজেলা নির্বাচনের প্রচারণায় প্রভাব না খাটানো এবং 'সংযত' আচরণ করার জন্য সাংসদদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার বলেন, সাংসদদের উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ায় আইনগত কোনো বাধা না থাকলেও আমরা আশা করব, তারা কোনো ধরনের প্রভাব না খাটিয়ে সংযত আচরণ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- উপজেলা নির্বাচনের প্রচারণায় প্রভাব না খাটানো এবং 'সংযত' আচরণ করার জন্য সাংসদদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার বলেন, সাংসদদের উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ায় আইনগত কোনো বাধা না থাকলেও আমরা আশা করব, তারা কোনো ধরনের প্রভাব না খাটিয়ে সংযত আচরণ করবেন। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হয়েছে জানিয়ে ছহুল হোসাইন বলেন, ''সংসদ নির্বাচনের মতোই এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু হবে। এজন্যে সবার সহযোগিতাও কাম্য।'' নওগাঁর একটি ভোটকেন্দ্রে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ার বিএনপি'র অভিযোগ খণ্ডণ করে ছহুল হোসাইন বলেন, এর কোনো সুযোগ নেই। মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, " অসাবধানতার কারণেই গেজেটে ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ভুল ছাপা হয়েছে। এটা ক্ল্যারিক্যাল মিসটেক।" নওগাঁ-৬ আসনের গহেলাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যার চেয়ে বেশি ভোট গৃহীত হয়েছে বলে শনিবার বিএনপি দাবি করে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ৬টি গ্রাম নিয়ে গঠিত গহেলাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রকৃত ভোটার সংখ্যা ৪ হাজার ৯১ জন। এর মধ্যে কচুয়ার ভোটার সংখ্যা ২৯৫, গহেলাপুরের ভোটার সংখ্যা ১ হাজার ৯৪, খাসগড়ের ভোটার সংখ্যা ২৪৭, বরিয়ার ভোটার সংখ্যা ৯০৭, আকনার ভোটার সংখ্যা ৫২২ এবং কাটরাশাইন গ্রামের ভোটার সংখ্যা ১ হাজার ২৬ জন। কিন্তু ভুলবশত ভোটকেন্দ্রের গেজেটে ভোটার সংখ্যা ৩ হাজার ৭৬৮ জন ছাপা হয়েছে। এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পর সংসদের শূন্য আসনগুলোর উপ নির্বাচন করবে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচসি/এসকে/২৩০৮ঘ.