২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনকে গতিশীল করতে মন্ত্রিসভা কমিটির সংখ্যা কমানো হয়েছে

প্রশাসনে কাজের গতি বাড়াতে সরকার মন্ত্রিসভা কমিটির সংখ্যা কমিয়ে আনছে। এ কমিটির সংখ্যা আগের সরকারের সময়কার ২৪টি থেকে কমিয়ে ৭টি-তে নামিয়ে আনা হয়েছে। কমিটির সংখ্যাধিক্যে মন্ত্রিসভার সদস্যদের নিজ মন্ত্রণালয়ের কাজ ব্যাহত হবে এ বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব গত সোমবার সাংবাদিকদের জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা,১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---প্রশাসনে কাজের গতি বাড়াতে সরকার মন্ত্রিসভা কমিটির সংখ্যা কমিয়ে আনছে। এ কমিটির সংখ্যা আগের সরকারের সময়কার ২৪টি থেকে কমিয়ে ৭টি-তে নামিয়ে আনা হয়েছে। কমিটির সংখ্যাধিক্যে মন্ত্রিসভার সদস্যদের নিজ মন্ত্রণালয়ের কাজ ব্যাহত হবে এ বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব গত সোমবার সাংবাদিকদের জানান। ১৩ জানুয়ারি মন্ত্রীপরিষদ বিভাগ থেকে নবগঠিত মন্ত্রিসভা কমিটির বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। নতুন কমিটিগুলো হচ্ছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, জাতীয় অর্থনৈতিক পরিষদ, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। তিনটি কমিটির প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, দুটি কমিটির প্রধান অর্থমন্ত্রী এবং বাকি দুটি কমিটির নেতৃত্বে রয়েছেন পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রী । মন্ত্রিসভার অন্য সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা এসব কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এধরনের কমিটির সংখ্যা ছিল ২৪টি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এর সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। গত সরকারের সময় গঠিত মন্ত্রিসভা কমিটিগুলোর মধ্যে বেশ কয়েকটি কমিটির কার্যকারিতা বর্তমানে নেই। যেমন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, উপজেলা পরিষদ আইন সংশোধন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, জাতীয় মানবাধিকার কমিশন গঠন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এগুলোর কাজ ইতোমধ্যেই শেষ হয়ে যাওয়ায় এসব বিষয়ে নতুন করে কমিটি গঠন করা হয়নি। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গেজেট সূত্রে জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি'র (একনেক) চেয়ারপার্সন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কমিটির বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সদস্যরা হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, নৌ পরিবহন মন্ত্রী আফসারুল আমীন। জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারপার্সন হন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার সকল সদস্য এই কমিটির সদস্য। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদস্য হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী,ভূমি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, পাবর্ত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এছাড়া, মন্ত্রী পরিষদ বিভাগ সচিব, মূখ্য সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, সংস্থাপন সচিব, অর্থ বিভাগের সচিব এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এর সদস্য হিসেবে কাজ করবেন। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহবায়ক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সদস্যরা হচ্ছেন, কৃষি মন্ত্রী, শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। ২৫ কোটি টাকার বেশি মূল্যের সরকারি ক্রয় সংক্রান্ত প্রস্তাবগুলো এই কমিটির মাধ্যমে অনুমোদন হয়ে থাকে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহবায়ক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সদস্যরা হচ্ছেন, পরিকল্পনা মন্ত্রী, কৃষি মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহবায়ক অ্যাডভোকেট সাহারা খাতুন। সদস্যরা হচ্ছেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী,তথ্য মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহবায়ক হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার। তথ্য মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষা মন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় পুরস্কার দেওয়ার বিষয়টি এই কমিটির মাধ্যমেই সম্পন্ন করা হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এডি/ইএইচবি/এসকে/১৮৫৫ঘ.