ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ থানা এলাকায় রোববার দুপুরে গুলিবিদ্ধ হয়ে আজিজুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পৌনে দুইটার দিকে নন্দীপাড়া শিশিলি গার্মেন্টস এর পাশে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, "আজিজুল ফুটপাতে দাঁড়িয়ে চা পান করার এক পর্যায়ে তার সঙ্গে থাকা অপর ব্যক্তির সঙ্গে আজিজুলের কথা কাটাকাটি হয়। এ সময় ওই ব্যক্তির গুলিতে আজিজুল ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম জানা গেলেও পরিচয়পত্রে থাকা ঠিকানায় গিয়ে তার ব্যাপারে বিস্তারিত জানা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এএল/জিএনএ/১৮১৩ ঘ.
bdnews24