সাভার, জানুয়ারী ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধামরাই থেকে লুণ্ঠিত বন্দুক ও মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সকালে ধামরাইয়ের শরিফবাগ ও মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- আফতাব ওরফে আক্কাস (৪৫), আব্দুল মান্নান (৪০), নয়া মিয়া (৩০), ইমান ফকির (৫০), জিয়াউল হক (২৯) ও ইমাম হোসেন (২৮)।
র্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লুট করা একটি মোবাইল ফোন কলের সূত্র ধরে ডাকাতদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।
তিনি বলেন, "আটককৃতদের কাছ থেকে লুট করা একটি বন্দুক, সাতটি মোবাইল ফোন সেট ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।"
র্যাব কর্মকর্তা জানান, গত ২ জানুয়ারি একদল ডাকাত ধামরাইয়ের শরিফবাগ এলাকার ইউসুফ আলী নামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০ রাউন্ড গুলিসহ লাইসেন্স করা একটি বন্দুক, নগদ তিন লাখ টাকা, একটি মোবাইল ফোন সেট এবং ১০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24