বরিশাল, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকায় বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার দুপুর ১টা থেকে অনির্দিষ্টকালের জন্য এখানে সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে।
সকালে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু'জন আহত হয়। এদের মধ্যে মামুন নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে পৌরসভার পাতারহাট এলাকায় আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা ছিল। এ সভাকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সকাল ১১ টার দিকে সংর্ঘষ হয়। এতে দুজন আহত হয়েছেন।
ইউএনও বলেন, "এ ঘটনার জেরে পরবর্তীতে দু'গ্র"পের মধ্যে বড় ধরনের সংর্ষের আশংকায় জেলা প্রশাসকের নির্দেশে আজ (শনিবার) দুপুর ১ টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।"
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউএনও তাকে ১৪৪ ধারা জারির কথা জানানোর পর তিনি তা মাইকে প্রচারের ব্যবস্থা করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মাহেব হোসেন বলেন, "বিকেলে পাতারহাট বন্দরে দলের বর্ধিত সভায় সিদ্ধান্ত হওয়ার কথা ছিল চেয়ারম্যান প্রার্থী কে থাকবে। কারণ এখানে আমি এবং দলের অন্য এক নেতা অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন চেয়ারম্যান প্রার্থী।"
তিনি জানান, এ সভাকে কেন্দ্র করে তাদের সমর্থকরা সকাল থেকে মিছিল নিয়ে ঘটনাস্থলে আসতে থাকে। এ সময় সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
১৪৪ ধারা জারির কারণে তাদের পূর্ব নির্ধারিত সভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪৯ ঘ.
bdnews24