সিলেট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার রাজনৈতিক সংস্কৃতি ও ঐতিহ্যে পরিবর্তন আনতে চায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "আমাদের দেশে সরকার বদলের সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানের হল দখল হয়। সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠে। আমরা এ ধারার পরিবর্তন চাই। এজন্য মিডিয়া কর্মীদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসনকেও থাকতে হবে দৃঢ় ও নিরপেক্ষ।"
শনিবার সকাল ১১টায় সিলেট সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বিষয়ে প্রশাসনের কর্মকর্তা, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "সরকার আইন-শৃঙ্খলার বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। যদিও এক দিনে সব কিছু সম্ভব নয়। এর জন্য কিছু সময় প্রয়োজন।"
এ ক্ষেত্রে অর্থমন্ত্রী বিএনপিসহ বিরোধী দলগুলোর সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশ্যে তিনি বলেন, "আমি অর্থমন্ত্রী থাকা অবস্থায় উপজেলা পরিষদের জন্য বাজেটের ১০ শতাংশ বরাদ্দ দিয়েছিলাম। এবার হয়ত এত বেশি বরাদ্দ দেওয়া সম্ভব হবে না। আশা করি যেটুকু বরাদ্দ পাবেন তা কাজে লাগাবেন।"
জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও ইমরান আহমদ, বিভাগীয় কমিশনার ড. জাফর আহমেদ খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম, পুলিশের উপ মহাপরিদর্শক আবুল কাশেমসহ প্রশাসন, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24