রাঙ্গামাটি, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী হিসেবে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা প্রথম কাজ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপংকর তালুকদার এসময় বলেন, "গত সাত বছরে পার্বত্য চুক্তির কোনো অগ্রগতি হয়নি। বরং আমরা যে অবস্থায় রেখে গিয়েছিলাম এখনও সে অবস্থাতেই রয়েছে।"
ভূমিকে পার্বত্য চট্টগ্রামের অসন্তোষের মূল কারণ উল্লেখ করে তিনি বলেন, "সরকার আগে ভূমি সমস্যা সমাধানে উদ্যোগ নেবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি কমিশনকে কার্যকর করা এবং ঢেলে সাজানো হবে।"
দীপংকর তালুকদার বলেন, "বিএনপি-জামাত জোট সরকার পার্বত্য চুক্তিকে সংবিধান বিরোধী কালো চুক্তি আখ্যা দিয়ে চুক্তি বাতিলের কথা বললেও ক্ষমতায় গিয়ে তা করেনি।"
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চিংকিউ রোয়াজা, অ্যাডভোকেট পরিতোষ দত্ত, জেলা আ'লীগ সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দীন, যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন বাবুল, নিখিল চন্দ্র চাকমা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২৫৯ঘ.
bdnews24