বাগেরহাট, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন উপজেলা নির্বাচনে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের দুই আ. লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালিয়েছে।
বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার সকালে এ দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামের একজনকে বাগেরহাটের একটি ক্লিনিকে এবং হাসান (১৭) ও সুমন (১৮) নামে অপর দু'জনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় মোরেলগঞ্জ থানায় করা একটি মামলায় ইউপি সদস্যসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন দুলাল (৩৩) এবং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কাঞ্চন হোসেন ওরফে বাচ্চু শেখ (৪০)।
মোড়েলগঞ্জ থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, "চেয়ারম্যান প্রার্থী প্রবীর হালদারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খান হাসিবুর রহমান বাদী হয়ে বুধবার রাতে অপর চেয়ারম্যান প্রার্থী আমিরুল আলম মিলনের ২৩ সমর্থকের বিরুদ্ধে একটি মামলা করেছেন।"
পুলিশ ওই মামলায় দু'জনকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।
চেয়ারম্যান প্রার্থী প্রবীর কুমার হালদার জানান, বুধবার সন্ধ্যায় মোড়েলগঞ্জ বাজার এলাকায় তার সমর্থকরা নির্বাচনী প্রচারাভিযানে গেলে আমিরুল আলম মিলনের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে আরিফুল ইসলামসহ তার ৭/৮ জন সমর্থক আহত হয়। তাদের বাগেরহাটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে আমিরুল আলম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রবীর হালদার তার সমর্থকদের ওপর হামলার কাল্পনিক অভিযোগ এনে আমার দুই সমর্থককে গ্রেপ্তার করিয়েছেন।"
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, "বৃহষ্পতিবার সকালে প্রবীর হালদারের সমর্থকরা এস.এম. কলেজের ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র হাসান ও সুমন নামে আমার দুই সমর্থককে পরীক্ষার হল থেকে বের করে এনে বেদম প্রহার করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24