২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালট ছিনতাইয়ের অভিযোগে সিলেটে পাঁচজন গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের দিন ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার উপজেলা বিএনপি ও ছাত্রদলের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আগের দিন এ অভিযোগে ওই এলাকার আসনে (সিলেট-২) চারদলীয় প্রার্থী বিএনপির এম. ইলিয়াস আলীসহ ৩শ' জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

সিলেট, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের দিন ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার উপজেলা বিএনপি ও ছাত্রদলের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আগের দিন এ অভিযোগে ওই এলাকার আসনে (সিলেট-২) চারদলীয় প্রার্থী বিএনপির এম. ইলিয়াস আলীসহ ৩শ' জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই ব্যালট পেপার একটি ভোটকেন্দ্রের পাশের ধানক্ষেতে একটি শিশু কুড়িয়ে পায় বলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গণমাধ্যমকে জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডা. সরওয়ার হোসেন চেরাগ ও সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবদুল হাই এবং উপজেলা ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক আব্দুল হাসিব, সাবেক সহ-পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন ও ছাত্রদল নেতা তাছির আলী। তাদের বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছে। মামলা ও গ্রেপ্তারের ঘটনায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নিন্দা জানিয়েছেন। দলের দপ্তর সম্পাদক মো. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগকে 'মিথ্যা' আখ্যায়িত করে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীতে বিএনপি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার বিকেলে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক সৈয়দ আব্দুল মান্নান বাদী হয়ে ইলিয়াস আলীসহ ৫০ জনের নামোল্লেখ করে ৩শ' জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে ভোটের দিন ধানের শীষে সিল মেরে ব্যালট পেপার বাক্সে না ফেলে কেন্দ্রের বাইরে নিয়ে আসা ও প্রদর্শনের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ আনা হয়। বিএনপির সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির আহবায়ক এম. ইলিয়াস আলী বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিকল্পিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনে যারা ভোট চুরি করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়নি। উল্টো ব্যালট পেপার দেখিয়ে বিচার চাওয়ার অপরাধে আমার ও আমার নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।" স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, নির্বাচনের দু'দিন পর ৩১ ডিসেম্বর উপজেলার পাটকইন গ্রামের জমির আলীর শিশুকন্যা আশুগঞ্জ বাজারে দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের ধানক্ষেতে একটি ব্যালট পেপার কুড়িয়ে পায়। ওইদিন একইস্থান থেকে আরো একটি ব্যালট পেপার উদ্ধার করেন জমির আলীর বাড়ির লোকজন। এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুড়িয়ে পাওয়া ব্যালট পেপার দু'টি ইলিয়াস আলীসহ বিএনপি নেতারা ছিনিয়ে নেন। ব্যালট পেপার দেখিয়ে ঢাকায় সংবাদ সম্মেলনও করা হয়।" তিনি জানান, নির্বাচনোত্তর সহিংসতার অভিযোগে ১৩ জানুয়ারি বিএনপি নেতা খসরুকে আটক করা হয়েছিল। তাকেও ব্যালট পেপার ছিনতাই মামলায় গ্রেপ্তর দেখানো হয়েছে। দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩৬৪ ভোটারের মধ্যে ২১৩০ জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ধানের শীষ ভোট পায় ১৫৩৬টি, নৌকা পায় ৫৪৮টি ভোট। কুলা প্রতীক পায় ৩টি, মোমবাতি ৪টি, বটগাছ ৬টি, তারা প্রতীক ৭টি এবং ১১টি না ভোট পড়ে। ১৫টি ভোট বাতিল হয়। এই আসনে (বিশ্বনাথ-বালাগঞ্জ) মহাজোটের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী চারদলের ইলিয়াস আলীকে পরাজিত করেন। মামলা দায়ের ও গ্রেপ্তার সম্পর্কে বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঢাকায় অবস্থান করছি। কাগজপত্র না দেখে এ ব্যাপারে এই মুহুর্তে কিছু বলতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এমএসবি/২১০৯ ঘ.