মুন্সীগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল পৌণে ১১টা পর্যন্ত প্রায় ১৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
এ সময় অন্তত সাতটি ফেরি যানবাহন ও যাত্রীসহ পদ্মা নদীবক্ষে আটকা পড়ে। এগুলো হল- শাহজালাল, এনায়েতপুরী, থোবাল, ল্যান্টিন, টাপলো, রানীক্ষেত ও রানীগঞ্জ। এসব ফেরিতে থাকা যানবাহনের প্রায় দুই হাজার যাত্রী কনকনে শীতে ভোগান্তির শিকার হন।
সকাল পৌণে ১১টার পর ফেরি চলাচল শুরু হলেও মাওয়া ও কাওড়াকান্দি উভয় ঘাটেই তীব্র যানজট ছিল। তবে বিকেলের দিকে যানজট কেটে যায় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়ার ঘাটের সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান।
বিআইডব্লিউটিসি'র মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, সকাল পৌনে ১১টা থেকে আবার ফেরি চলাচল শুরু হলেও উভয় ঘাটেই দীর্ঘ যানজট ছিল।
তিনি বলেন, নৌ চ্যানেলের নাব্যতা কমে যাওয়ায় ফেরি পারাপারেও দেরি হচ্ছে। স্বাভাবিক অবস্থায় মাওয়া থেকে কাওড়াকান্দি ঘাটে যেতে কমবেশি এক থেকে দেড় ঘণ্টা সময় লাগলেও এখন লাগছে প্রায় তিন ঘণ্টা।
এছাড়া বুধবার রাতে পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ১৫টি লঞ্চসহ দুই শতাধিক নৌযান আটকা পড়ে বলে সিরাজুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, কুয়াশার কারণে ঢাকা-চাঁদপুর নৌপথেও নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।
চাঁদপুর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা রেজাউল করিমশ জানান, বুধবার রাতে ঢাকা থেকে যেসব যাত্রীবাহী লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয় সেগুলো বৃহস্পতিবার ভোররাত ৩ টা থেকে ৪টার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও বিকেলের দিকে চাঁদপুর পৌঁছায়।
সোনারতরী, মিতালী, মেঘনা রানী, শরীয়াহ, এমভি বোরাকসহ এ রুটের নৌযানগুলো দেরিতে পৌঁছানোর কারণে ফিরতি যাত্রার যাত্রীদের দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হয়েছে।
এছাড়াও চাঁদপুর ঘাটে যাত্রাবিরতি দেওয়া দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন নৌযানের যাত্রীরাও বিলম্বের কারণে দুর্ভোগের শিকার হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24