২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় ও পুতুল কক্সবাজারে বেড়াতে গেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা হোসেন পুতুল এখন সপরিবারে কক্সবাজারে। সৈকতের অভিজাত হোটেল সী-গালে উঠেছেন তারা। নিরাপত্তার কারণে স্থানীয় আওয়ামী লীগের নেতারাও তাদের কাছে ভিড়তে পারছেন না। তাদের সফরের বিষয়ে গোপনীয়তা রক্ষা করে চলছে স্থানীয় প্রশাসনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

কক্সবাজার, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা হোসেন পুতুল এখন সপরিবারে কক্সবাজারে। সৈকতের অভিজাত হোটেল সী-গালে উঠেছেন তারা। নিরাপত্তার কারণে স্থানীয় আওয়ামী লীগের নেতারাও তাদের কাছে ভিড়তে পারছেন না। তাদের সফরের বিষয়ে গোপনীয়তা রক্ষা করে চলছে স্থানীয় প্রশাসনও। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুধু এটুকু বলেছেন, "তারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে এসেছেন। বৃহস্পতিবার পর্যন্ত থাকবেন।" নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা আড়াইটায় জিএমজি এয়ারলাইন্সের একটি বিমানে জয় ও পুতুল কক্সবাজার আসেন। জয়ের সঙ্গে স্ত্রী ক্রিস্টিনা ও মেয়ে এবং পুতুলের সঙ্গে তার স্বামী খন্দকার মাশরুর হোসেন ও সন্তানরা রয়েছেন বলে ওই কর্মকর্তা জানান। তিনি আরও জানান, তারা সরকারি কোনও প্রটোকল নিচ্ছেন না। জয়ের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা দেখা করতে চেয়েও পারছেন না। ছাত্রলীগ ও যুব মহিলা লীগের একদল নেতা-কর্মী বুধবার সকালে ফুলের তোড়া নিয়ে সী-গাল হোটেলে গিয়ে দেখা করতে না পেরে ফিরে আসেন। আওয়ামী লীগ নেতারা জানান, একমাত্র সালাহউদ্দিন আহমদই জয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার দুই সন্তানই দেশের বাইরে থাকেন। কানাডা প্রবাসী পুতুল প্রধানমন্ত্রী হিসেবে মায়ের শপথ নেওয়ার কয়েকদিন আগে দেশে আসেন। যুক্তরাষ্ট্র প্রবাসী জয় দেশে আসেন শপথ অনুষ্ঠানের পর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/২২৪২ঘ.