ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপ-সচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তার পদে বুধবার রদবদল হয়েছে।
এদের মধ্যে পরিসংখ্যান ব্যুরোর পরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত উপ-সচিব রফিকুল ইসলামকে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
অন্য চার কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নূরুল ইসলাম ও জয়নাল আবেদীন খানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওএসডি হওয়া নূরুল ইসলামকে 'সার্ভিস ফর চিলড্রেন অ্যাট রিস্ক' প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ শামসুল কিবরিয়াকে যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. আফতাবুন নাহার মাকসুদাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৯৪৪ঘ.
bdnews24