ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নিরাপদ খাদ্য মজুদ নিশ্চিত করতে সরকারি গুদামের ধারণ ক্ষমতা ২০ লাখ মেট্রিকটনে উন্নীত করার নির্দেশ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বুধবার খাদ্য অধিদপ্তরের কার্যক্রম উপস্থাপনা সংক্রান্ত এক বৈঠকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তাকে এ নির্দেশ দেন মন্ত্রী।
বর্তমানে সারাদেশে সরকারি খাদ্য গুদামের কার্যকরী ধারণক্ষমতা ১৪ লাখ ৭৩ হাজার ২শ ১৭ মেট্রিক টন।
খাদ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বেসরকারি গুদামগুলোর ধারণক্ষমতার তথ্য সংগ্রহ করে সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে উপস্থাপন করার জন্যও খাদ্য অধিদপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী।
সরকারি গুদামের ধারণক্ষমতা না বাড়া পর্যন্ত প্রয়োজনে বেসরকারি গুদাম ব্যবহারের পরামর্শ দেন মন্ত্রী।
চাহিদার তুলনায় দ্বিতীয় প্রধান খাদ্যশস্য গমের উৎপাদন কম হওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, গমের বাজার স্থিতিশীল রাখতে এবং প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য শস্যের মজুদ বাড়াতে হবে।
দেশে বছরে গমের চাহিদা ২০ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয়ে থাকে মাত্র আট লাখ মেট্রিক টন।
আমদানি-নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোরও পরামর্শ দেন তিনি।
চলতি অর্থ বছরে খাদ্য শস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এরমধ্যে গম ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং চাল ২০ লাখ মেট্রিক টন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবিএসকে/১৯৩৪ঘ.
bdnews24