ঢাকা, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ঘোষিত লক্ষ্যের সঙ্গে 'মিল রেখে' নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ মুদ্রানীতিকে 'সংকুলানমুখী' মুদ্রানীতি হিসেবে অভিহিত করেছেন। (বিস্তারিত)
জানুয়ারি-জুন মেয়াদের এ নীতিতে কেন্দ্রীয় ব্যাংক পূর্বাভাস দিয়েছে, রপ্তানি খাত বড় ধরনের নেতিবাচক প্রভাবের মুখোমুখি না হলে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে সাড়ে ছয় শতাংশ। আর নেতিবাচক প্রভাব পড়লেও প্রবৃদ্ধি ছয় শতাংশের ওপরে থাকবে বলে আশা করা হচ্ছে।
গড় মূল্যস্ফীতি সাড়ে আট শতাংশে নেমে আসতে পারে বলেও আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার দুপুরে মতিঝিলে কেন্দ্রীয়ব্যাংক দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ মুদ্রানীতি ঘোষণা করেন।
তিনি বলেন, "চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সন্তোষজনক ও গতিশীল থাকায় এবং রাজনৈতিক অনিশ্চয়তার অবসানের ফলে বিনিয়োগের আস্থা জোরালো হয়েছে। অর্থবছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন) রপ্তানি প্রবৃদ্ধি গুরুতরভাবে ব্যাহত না হলে অর্থবছর শেষে সাড়ে ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশা করছি।"
বিশ্ব মন্দার কারণে রপ্তানি প্রবৃদ্ধি কমে গেলে এবং অন্যান্য খাতে এর প্রভাব পড়লেও সামগ্রিক প্রবৃদ্ধি ছয় শতাংশের ওপরে থাকবে বলে জানান সালেহউদ্দিন আহমেদ।
ঘোষিত মুদ্রানীতির বিভিন্ন দিক ব্যাখ্যা করতে গিয়ে গভর্নর বলেন, "জানুয়ারি-জুন মেয়াদের এই মুদ্রানীতির মূল লক্ষ্য- দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, প্রবৃদ্ধি বাড়ানো, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং নতুন নতুন রপ্তানি খাত উদ্ভাবনের জন্য উদ্যোক্তাদের সহায়তা করা। নির্বাচিত নতুন সরকারের নির্বাচনী ইশতেহারেও এ বিষয়গুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।"
মুদ্রানীতি ঘোষণার আগে নতুন সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে গভর্নর বলেন, "কেন্দ্রীয় ব্যাংক তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। তবে নতুন সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে ঘোষিত মুদ্রানীতি নিয়ে আলোচনা হয়েছে।"
নতুন মুদ্রানীতিতে কৃষিসহ উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়াতে উৎসাহিত করা হয়েছে; পাশাপাশি অনুৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ যথাসম্ভব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে গভর্নর জানান।
এর মাধ্যমে বেসরকারি খাতে ঋণ প্রবাহের লাগাম টেনে ধরা হচ্ছে কি না- জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, "চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) হিসাবে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হচ্ছে ২৪ দশমিক ৩ শতাংশ। কিন্তু এই ঋণের একটি বড় অংশ ভোক্তা ঋণ অর্থাৎ বাড়ি-গাড়ি ক্রয়, বিবাহ-অবকাশসহ ভোগ-বিলাস খাতে চলে যাচ্ছে। এ সব ঋণ দেশের প্রকৃত অর্থনীতিতে খুব একটা অবদান রাখেছে না।"
এ কারণেই নতুন মুদ্রানীতিতে অনুৎপাদনশীল খতে ঋণ প্রদানকে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানান তিনি।
এ অবস্থায় ব্যাংকগুলো ভোক্তা ঋণ দেওয়া বন্ধ করে দেবে কি না- জানতে চাইলে তিনি 'না' সূচক মন্তব্য করেন।
গভর্নর বলেন, "ভোক্তা ঋণ থাকবে। তবে তা অবশ্যই একটি সীমার মধ্যে রাখতে হবে। ইচ্ছেমতো এ ঋণ দেওয়া যাবে না।"
মূল্যস্ফীতি প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, "ক্রমশ মূল্যস্ফীতি কমে আসছে। গত বছরের জুলাইয়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দুই অঙ্ক অতিক্রম করে ১১ শতাংশ ছাড়িয়ে যায়। অক্টোবর থেকে তা আবার দুই অঙ্কের নিচে নেমে আসে। নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ১২ শতাংশে নেমে আসে। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশা করা হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। মূল্যস্ফীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।"
দ্রব্যমূল্য প্রসঙ্গে ঘোষিত মুদ্রানীতিতে বলা হয়েছে, বিশ্ববাজারে পণ্যমূল্যের যেভাবে পতন ঘটছে, স্থানীয় বাজারে ভোক্তামূল্যে সে পতনের গতি খুবই ধীর, মাত্রাও খুবই সামান্য। জ্বালানি তেলের আমদানি মূল্য কমে যাওয়ায় সরকারও দেশের বাজারে দাম কমিয়েছে। কিন্তু তেল নির্ভর অন্য কোনো পণ্যের দাম এখনও কমেনি। আর ব্যসায়ীরা আগে বেশি দামে কেনা পণ্য লোকসানের ভয়ে বাজারে না ছেড়ে মজুদ করছেন। এ কারণে বাজারে পণ্যমূল্য কাক্সিক্ষত হারে কমছে না।
গভর্নর বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব এখনও দেশের অর্থনীতিতে পড়েনি। তবে ধারণা করা হচ্ছে, ২০০৯ সাল পর্যন্ত এ সঙ্কট থাকবে। সে পরিস্থিতিতে রপ্তানি খাত ও রেমিটেন্স প্রবাহে কোনো প্রভাব পড়বে কি না-তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।"
কৃষিপণ্যের উৎপাদন খরচ কম রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য নতুন সরকারকে পরামর্শ দেন গভর্নর।
তিনি বলেন, "চালের দাম বেশি কমে গেলে কৃষক আর ধান চাষে উৎসাহিত হবে না। সেক্ষেত্রে ধান উৎপাদন ব্যাহত হতে পারে। এ কারণে কৃষিপণ্যের উৎপাদন খরচ যাতে যথাসম্ভব কম থাকে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কম দামে সার, বীজসহ অন্যান্য উপকরণ কৃষকদের সরবরাহ করতে হবে।"
ঘোষিত মুদ্রানীতিকে সংকুলানমুখী মুদ্রানীতি অবিহিত করে সালেহউদ্দিন আহমেদ বলেন, "এ মুদ্রানীতির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাক্সিক্ষত জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে চাই।"
চলতি অর্থবছরের (২০০৮-০৯) বাজেটে সাড়ে ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আর গড় মূল্যস্ফীতি ধরা হয়েছিল ৯ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জেকে/২০৪০ ঘ.
bdnews24