ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা এএসএম আলী কবীরকে সংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের শীর্ষ কোনও পর্যায়ে এটিই প্রথম নিয়োগ।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে আলী কবীরের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডাব্লিওটিসি) চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
মন্ত্রণালয়ের সচিব মো. মুসলেহ উদ্দিন গত ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়।
সংস্থাপনে নতুন নিয়োগের পর কয়েক দিনের মধ্যেই আরও কয়েকটি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে রদবদল হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আলী কবীরকে গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যুগ্মসচিবের পদ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর আগে কয়েক বছর তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়।
বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আলী কবীর মামলা করলে আদালত তার চাকরি পুনর্বহালের রায় দেয়।
ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় আলী কবীর চাকরি ফিরে পান। একই সরকারের সময়ে তাকে যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। কিছুদিন পর তাকে বিআইডাব্লিওটিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮১৫ ঘ.
bdnews24