২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ভেতর থেকে টাকাভর্তি ব্যাগ উধাও

রাজধানীতে বেসরকারি একটি ব্যাংকের ভেতর থেকে এক গ্রাহকের টাকাভর্তি ব্যাগ উধাও হয়ে গেছে। ধানমন্ডি ৪ নম্বর সড়কের আইএফআইসি ব্যাংকে সোমবার দুপুরে ঘটেছে এ ঘটনা। এতে জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 12:55 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বেসরকারি একটি ব্যাংকের ভেতর থেকে এক গ্রাহকের টাকাভর্তি ব্যাগ উধাও হয়ে গেছে। ধানমন্ডি ৪ নম্বর সড়কের আইএফআইসি ব্যাংকে সোমবার দুপুরে ঘটেছে এ ঘটনা। এতে জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মো. আলী নামে ওই গ্রাহক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি দুপুরে পে-অর্ডার করতে প্রায় তিন লাখ টাকা নিয়ে আইএফআইসি ব্যাংকে যাই। ব্যাংকের পরিচিত এক কর্মকর্তার পাশে পে-অর্ডারের ফরম পূরণ করছিলোম। হঠাৎ দেখি, পাশে ব্যাগ নেই। "আমাকে খোঁজাখুঁজি করতে দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ব্যাংকের বাইরে এক ব্যক্তিকে দেখিয়ে বলে, তারা এই লোককে ব্যাংক থেকে তাড়াহুড়ো করে বের হতে দেখেছে। লিটন নামে ওই লোককে ধরে ব্যাংকের ভেতরে নেওয়া হলে সে এক ঘণ্টার মধ্যে ব্যাগটি ফেরত দেওয়ার আশ্বাস দেয়।" কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে টাকা ফেরতের কোনও লক্ষণ না দেখে মো. আলী পুলিশে খবর দেন। পুলিশ লিটনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মো.আলী তেজগাঁওয়ের 'ভিত্তি স্থপতি বিন্দ লিমিটেড' এর কর্মকর্তা। ব্যাগের টাকার কিছু তার নিজের এবং বাকিটা অফিসের বলে জানান তিনি। তিনি বলেন, "অফিস থেকে দেড় লাখ টাকা নিয়ে বের হই। দুপুর ১২টার দিকে আইএফআইসি ব্যাংকের পাশের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক থেকে ১ লাখ ২৪ হাজার টাকা তুলি। এরপরই আইএফআইসি ব্যাংকে যাই।" বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে লোককে গ্রেপ্তার করা হয়েছে; ধারণা করছি, সে টাকাভর্তি ব্যাগটি দলের কোনও সদস্যর কাছে কৌশলে হস্তান্তর করেছে।" এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮৫১ ঘ.