২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ের আগেই নাটোর চিনিকলে আখ মাড়াই বন্ধ

আখের অভাবে নাটোর চিনিকলে আখ মাড়াই সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে। মাঠে পর্যাপ্ত আখ থাকা সত্বেও চিনিকলে নির্ধারিত সময়ের দেড় মাস আগেই আখ মাড়াই বন্ধ হয়ে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

নাটোর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আখের অভাবে নাটোর চিনিকলে আখ মাড়াই সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে। মাঠে পর্যাপ্ত আখ থাকা সত্বেও চিনিকলে নির্ধারিত সময়ের দেড় মাস আগেই আখ মাড়াই বন্ধ হয়ে গেল। অসময়ে বন্ধ হওয়ায় চিনিকলের সাড়ে ৮ কোটি টাকা লোকসান হওয়ার সম্ভবনা রয়েছে। নাটোর চিনিকল ১২০ মাড়াই দিবসে এক লাখ ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৪ হাজার ২৫২ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে গত বছরের ৩১ অক্টোবর চলতি মাড়াই মৌসুমের আখ মাড়াই শুরু করে। এ বছর ফেব্র"য়ারি পর্যন্ত আখ মাড়াই হওয়ার কথা ছিল। নাটোর চিনিকল কর্মকর্তারা জানান, জমিতে আখ থাকা সত্বেও গত কয়েক দিন ধরে চাষীরা চিনিকলে আখ সরবরাহ করছে না। চাষীদের সঙ্গে যোগাযোগ করেও আখ সরবরাহ স্বাভাবিক করা যায়নি। ফলে চিনিকল কর্তৃপক্ষ সোমবার দুপুর থেকে আখ মাড়াই বন্ধ করে দিয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিরাজুল ইসলাম বলেন, মাঠে এখনও ৫০ হাজার মেট্রিক টন আখ রয়েছে। যা দিয়ে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা যেত। কিন্তু গুড় ব্যবসায়ীদের কাছে বেশি দামে আখ বিক্রি করার উদ্দেশ্যে চাষীরা আখ চিনিকলে সরবরাহ করছেন না। ব্যবস্থাপনা পরিচালক জানান, ক্রেতা না থাকায় এবারের উৎপাদিত চিনি এখন পর্যন্ত বিক্রি করা সম্ভব হয়নি। বরং গত বছরের উৎপাদিত ছয়'শ মেট্রিক টন চিনি এখনও অবিক্রিত অবস্থায় পড়ে আছে। সব মিলিয়ে এবার ৮ কোটি ৫৮ লাখ ২১ হাজার টাকা লোকসান হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫০ ঘ.