ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সচিবালয়ে এক বৈঠকে বসেছেন।
রোববার সকাল ১০টায় শেখ হাসিনা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধামন্ত্রীর দপ্তরে আসনে। সাড়ে ১০টা পর্যন্ত দাপ্তরিক কাজ সেরে তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী- প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন ১০টা ৪০ মিনিটের দিকে।
এটি মন্ত্রিসভার কোন নির্ধারিত বৈঠক নয়। মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে বৈঠক করবেন।
শেখ হাসিনা দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হবে।
রেওয়াজ অনুযায়ী, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করে থাকেন।
এ বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে সচিবদের দিক-নির্দেশনা দিবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/জিএনএ/১১১৬ ঘ.
bdnews24