২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার সকালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে। দুর্ঘটনায় দুটি বাসের চালকই মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 07:23 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার সকালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে। দুর্ঘটনায় দুটি বাসের চালকই মারা গেছেন। মহাসড়ক পুলিশের খাটিহাতা ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, সকাল ৮টার দিকে সরাইলের কুট্টিপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটির একটি হানিফ পরিবহণের বাস। এটি সিলেট থেকে ঢাকা আসছিল। অপর বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর যাচ্ছিল। পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টার দিকে কুট্টিপাড়া মোড়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ পাঁচ জন ঘটনাস্থলেই মারা যায়।" দুর্ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয় বলে শাহাবুদ্দিন জানান। তাদের বেশিরভাগকে সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের হারিছ মিয়া (৬৫), জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার মলাই মিয়া (৩০) এবং হানিফ পরিবহণের বাসের চালক মোহাম্মদ জাহাঙ্গীর (৪২)। আহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দিন। তিনি জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। সকাল ৯টার দিকে দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া হলে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২২ ঘ.