২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে 'অপহরণের' আট ঘন্টা পর দুই ব্যবসায়ী উদ্ধার

অপহরণের আট ঘন্টা পর চট্টগ্রামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ দুইজনকে পুলিশ কুমিল্লা থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)-- অপহরণের আট ঘন্টা পর চট্টগ্রামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ দুইজনকে পুলিশ কুমিল্লা থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় পাওনা টাকা আদায়ের কথা বলে চট্টগ্রামের ডেভেলপার প্রতিষ্ঠান আর এফ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও পরিচালক আবু জাফরকে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাড়ি থেকে অপহরণ করা হয়। পরে পাঁচলাইশ থানা পুলিশ কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজার কাছ থেকে সাত সন্দেহভাজন 'অপহরণকারীকে' গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ডা. জাহাঙ্গীর নাজিম (৩১), মোহাম্মদ নুরন্নবী (২৫), সাফায়েত জাহান (৩২), মোহাম্মদ শরীফ (৩২), মোহাম্মদ সোহেল (৩২), মিরাজুল ইসলাম ওরফে মিরু (৩০) ও দেওয়ান কৌশিক আহমেদ নাদিম (৩০)। এদের সবার বাড়ি ঢাকায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি চেক, কাগজপত্র, নগদ সাড়ে ২৮ হাজার টাকা ও ১৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। অপহৃতরা মুক্তিপণ আদায়ের জন্য তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করলেও গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন পাওনা টাকা আদায়ের জন্যই তারা আরএফ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে যেতে এসেছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) সৈয়দ মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে অপহৃত দেলোয়ারের পুত্র ওমর ফারুক তার পিতা দেলোয়ার ও পরিচালক আবু জাফরকে নাছিরাবাদের কার্যালয় থেকে ২০-২৫ জন সন্ত্রাসী অপহরণ করেছে মর্মে থানায় একটি মামলা করেন। সহকারী কমিশনার জানান, সন্ত্রাসীরা অফিস ভাঙচুর ও মালামাল লুট করেছে বলেও অভিযোগ আনা হয়। এর পরিপ্রেক্ষিতে অপহরণকারীদের ধরতে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অপহৃত দেলোয়ার হোসেন শুক্রবার সকালে পাঁচলাইশ থানায় সাংবাদিকদের জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দেলোয়ার দাবি করেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও আবু জাফরকে অপহরণ করা হয়। দেলোয়ারের বক্তব্য অস্বীকার করে গ্রেপ্তারকৃত দেওয়ান কৌশিক আহমেদ নাদিম সাংবাদিকদের বলেন, কক্সবাজারে একটি ভবন নির্মাণের জন্য তার শ্বশুর দেলোয়ার হোসেনের সঙ্গে চুক্তি করেছিলেন। কিন্তু দেলোয়ার পাওনা ৩০ লাখ টাকা না দিয়ে বিভিন্ন ধরণের হয়রানি করতে থাকেন। নাদিম দাবি করেন বৃহস্পতিবার সকালে তারা সেই টাকা চাইতে এসেছিলেন। দেলোয়ার বাইরে থেকে টাকা যোগাড় করে দেবেন বলে আবু জাফরকে সঙ্গে নিয়ে তাদের গাড়িতে ওঠেন। পুলিশের এসি মেজবাহ উদ্দিন জানান, বিষয়টি তদন্তাধীন। তিনি বলেন, সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরোপুরি তদন্ত শেষেই বোঝা যাবে বিষয়টি সাজানো না প্রকৃতই অপহরণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২২৭ঘ.