কক্সবাজার, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং নতুন বাজার এলাকায় শুক্রবার সকালে সুবর্ণা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মূখোমুখি সংঘর্ষে মাইক্রো চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মহিলাসহ অন্তত ২০ জন।
নিহতরা হলেন- মাইক্রো চালক কক্সবাজার শহরের বাসিন্দা বাহার উদ্দিন (৩৫), যাত্রী চকরিয়ার মণ্ডল পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (২২) ও ডুলাহাজারা এলাকার মৌলভী আবু তাহের।
আহতদের মধ্যে চকরিয়ার লক্ষার চরের রেনু আরা (২৫), ডুলাহাজরার সৈয়দ আলম (৩৭) ও ছিকলঘাটার মোহাম্মদ ইউনুসকে (৩৬) প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামুন মিয়া জানান, সকাল ১০টার দিকে নতুন বাজার এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সুবর্ণা চেয়ার কোচের (কক্সবাজার-ব-১১-০০০১) সঙ্গে চকরিয়া থেকে আসা মাইক্রোবাসের (চট্ট মেটো-ছ-১১-১৪৬২) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রো চালক ঘটনাস্থলেই মারা যান। দুই যাত্রী মারা যান চকরিয়া হাসপাতালে নেওয়ার পথে। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সাবাজার সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে চকরিয়ার ভেণ্ডিবাজারের কাজলী (৪৬), পাগলীর বিলের জসিম উদ্দিন (২৮), ডুলাহাজারার আবু তাহের (৪০), পেকুয়া উপজেলার জাহাঙ্গীর আলম (৩৫), জামাল উদ্দিন (৪৮), নেজাম উদ্দিন (৪০), আবু তালেব (৪৫), কক্সবাজারের মোহাম্মদ এরশাদ (২৫), জাফর আলম (৩০) এবং চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ ইয়াকুব আলী (৪২) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মামুন জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দু'টি আটক করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে গেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24