২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গির্জায় ডাকাতি, পাদরীকে বেধে রেখে স্ত্রীকে ধর্ষণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নয়াকান্দি চকশীন গ্রামে সোমবার রাতে গির্জায় ঢুকে ডাকাতি এবং গির্জার পাদরীকে বেধে রেখে অস্ত্রের মুখে তার স্ত্রীকে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। তারা প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

গোপালগঞ্জ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নয়াকান্দি চকশীন গ্রামে সোমবার রাতে গির্জায় ঢুকে ডাকাতি এবং গির্জার পাদরীকে বেধে রেখে অস্ত্রের মুখে তার স্ত্রীকে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। তারা প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালায়। ডাকাতরা টেলিভিশন, সিডি প্লেয়ার, মোবাইল ফোন সেট, নগদ টাকা, স্বর্ণের অলংকার লুট করে। গির্জার পাদরী শংকর হাজরার স্ত্রীকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে স্থানান্তর করা হয় গোপালগঞ্জ সদর হাসপাতালে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইলিয়াস মৃধা (৫০) ও সুনীল বাড়ৈ (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী খান বলেন, রাতের বেলায় গির্জায় একদল লোক লুটপাট করেছে এবং পাদরীর স্ত্রীকে ধর্ষণ করেছে। এ ঘটনায় মঙ্গলবার মামলা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। তবে তিনি ঘটনাটিকে স্থানীয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের অভ্যন্তরীণ কোন্দলের জের হিসাবে সন্দেহ করছেন। ওসি জানান, মঙ্গলবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন শংকর হাজরার স্ত্রী সাংবাদিকদের বলেন, সোমবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বেরিয়েছিলেন তিনি। তখন ৮/৯ জন বন্দুকধারী অতর্কিতে তাদের ঘরে ঢুকে তার স্বামীকে বেধে ফেলে এবং অস্ত্রের মুখে তার সম্ভ্রমহানি ঘটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.