২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড মামলার কাজ আবার পেছালো, পরিণতি নিয়ে সংশয়

২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটনায় হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়ে গেল। গত বছরের ১৭ নভেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মামলার বাদি মতিঝিল থানার সাবেক উপ পরিদর্শক শরীফ ফারুক আহম্মেদের জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হলেও এরপর নানা কারণে তার অসমাপ্ত সাক্ষ্য শেষ হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটনায় হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়ে গেল। গত বছরের ১৭ নভেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মামলার বাদি মতিঝিল থানার সাবেক উপ পরিদর্শক শরীফ ফারুক আহম্মেদের জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হলেও এরপর নানা কারণে তার অসমাপ্ত সাক্ষ্য শেষ হচ্ছে না। মঙ্গলবার বাদি আদালতে উপস্থিত থাকলেও তিনি সাক্ষ্য দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত না থাকায় রাষ্ট্রপক্ষ তাকে কাঠগড়ায় উপস্থাপন করেননি। ফলে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতের বিচারক মো. মাসদার হোসেন আগামী ২১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন। মঙ্গলবার এই মামলার আসামি বিগত জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষে এই মামলায় নিয়োগপ্রাপ্ত বিশেষ কৌশুলি সৈয়দ রেজাউর রহমান আদালতে বলেন, মামলার বাদি আদালতে উপস্থিত থাকলেও তিনি মানসিকভাবে প্রস্তুত না থাকায় হাজিরা দিতে পারছেন না। ফলে বিচারক নতুন তারিখ নির্ধারণ করেন। এদিকে দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে ১৩৫ দিনের মধ্যে মামলার বিচার কাজ শেষ করার বিধান থাকলেও বার বার বিভিন্ন কারণে বিচার পিছিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করা যাবে কিনা এ বিষয়ে অনেক আইনজীবী সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, এই দুই (হত্যা ও বিষ্ফোরকের পৃথক অভিযোগে) মামলায় রাষ্ট্রপক্ষের মোট সাক্ষীর সংখ্যা ৪১২ জন। বিচার কাজ এভাবে প্রলম্বিত হলে নির্ধারিত সময়ে এত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্ভব নয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় গত ১১ জুন হত্যা ও বিষ্ফোরণের পৃথক দুই অভিযোগে সিআইডি ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছিল। এ মামলার ৮ আসামি পলাতক রয়েছে ও ১৪ জন কারাগারে। গ্রেনেড হামলার এই ঘটনায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ নেতাকর্মী সমর্থক নিহত হন। বহু লোক স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গেলেও তার শ্রবণ শক্তির মারাত্মক ক্ষতি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০১৩ঘ.