বান্দরবান, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬৬ জন শ্রমিক ও গ্রামবাসীর নাম উল্লেখসহ তিন হাজার জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
পুলিশ উপজেলার বাইশারী এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধর-পাকড়ে বাইশারীর নয়টি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে বলে স্থানীয় জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে পিএইচপি রাবার বাগান শ্রমিকদের ছয় দফা দাবি নিয়ে সোমবার সংঘর্ষে বাচ্চু মিয়া নামে পুলিশের একজন কনস্টেবল মারা যান। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
এতে ২২ জন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষে শ্রমিকদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও জড়িয়ে পড়ে।
এ ঘটনায় সোমবার রাতেই বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক মো. মহসিন গ্রামবাসী ও শ্রমিকসহ ৬৬ জনের নাম উল্লেখসহ ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন।
সোমবার রাতে ও মঙ্গলবার অভিযান চালিয়ে পূর্ব বাইশারীর জালাল আহমদ, উত্তর বাইশারীর শাহ আলমসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ মামলা ও গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওয়াব আসলাম হাবিবও মামলা ও গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।
ইউএনও জানান, পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায় এবং রাবার বাগানে উৎপাদন-কাজকর্ম স্বাভাবিক হয় সে জন্য আগামী ৮ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে রাবার বাগান মালিক পক্ষ, শ্রমিক, স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংঘর্ষের ঘটনার জন্য তিনি পিএইচপি রাবার বাগানের ব্যবস্থাপকের অবিবেচক ভূমিকাকে দায়ী করেছেন।
বাইশারী রাবার বাগান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, রাবার উৎপাদনের মৌসুমে কাজ বন্ধ থাকায় মালিক পক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে রাষ্ট্র হারাচ্ছে বিপুল রাজস্ব।
হুমায়ুন কবির বলেন, শ্রমিকদের দাবি তারা বিবেচনা করছেন। কিন্তু তাদের সকল দাবি পূরণ করতে গেলে মালিকদের বাগান বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।
৮ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, পুলিশের ধর-পাকড়ের খবরে বাইশারীর নারিদবুনিয়া, আলীমিয়া পাড়া, দৈয়ার বাপের পাড়া, হেডম্যান পাড়া, তুফান আলী পাড়া, বাইশারী সদর, করলিয়া মুড়া ও লম্বাবিল- এ নয়টি গ্রামের পুরুষরা ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র সরে গেছে।
এ ব্যাপারে ইউএনও নওয়াব আসলাম হাবিব জানান, বিভিন্ন গ্রাম থেকে পুরুষদের অন্যত্র সরে যাওয়ার খবর তিনি পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১১ ঘ.
bdnews24