ঢাকা জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুরনো ঢাকায় সোমবার রাতে এক অগ্নিকান্ডে একটি নোকিয়া বিক্রয় কেন্দ্রের কয়েকলাখ টাকার মালামাল পুড়ে গেছে।
চিত্রা সিনেমা হলের কাছে ইংলিশ রোডের ৫ নম্বর বাড়ির দোতলার শো-রুমে এ ঘটনা ঘটে। এ সময় দোকানটি বন্ধ ছিল। আগুন বেশি ছড়িয়ে যাবার আগেই ফায়ার সার্ভিস এসে নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা অনন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত নটা বিশ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এগারোটা নাগাদ আগুন আয়ত্বে নিয়ে আসা সম্ভব হয়। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কেউ হতাহত না হলেও আগুনে শোরুমটির কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে তারা ধারণা করছেন।
খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আশেপাশের অন্যকোন বাড়ির ক্ষতি হয়নি। ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/০০২০ঘ.
bdnews24