চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতারা বর্ষবরণ অনুষ্ঠানের ব্যানারে আবার একত্রিত হলেন সোমবার। এদিন বিকালে বন্দরের বিভিন্ন সংগঠনের নেতারা নববর্ষ উদযাপন পরিষদের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
বন্দর রিপাবলিকান ক্লাবে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে মেয়র মহিউদ্দিন বলেন, "চট্টগ্রাম বন্দর সচল রাখার জন্য যত সহযোগিতা প্রদান করা দরকার তা করব। আন্তর্জাতিক চক্রান্তকারীরা আল্লাহর এই আমানত যাতে খেয়ানত করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।"
বন্দরকে নিয়ে দুর্র্নীতি, অনিয়ম ও কোন ক্ষতি যাতে হতে না পারে এ জন্য সতর্ক থাকার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান ও বন্দর জাতীয় শ্রমিক লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ডক বন্দর শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতা ওহিদুল্লাহ সরকার, ডক শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান খান বলেন, "প্রতি বছর বন্দরের শ্রমিক-কর্মচারীদের পরিবারের সদস্যদের নিয়ে এই উৎসব হয়ে থাকে। অথচ এটি নিয়ে পত্রপত্রিকায় নানা লেখালেখি হচ্ছে। আমি আশ্বস্ত করতে চাই, প্রতি বছর আমরা এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করব। এটি পুরোপুরি একটি অরাজনৈতিক অনুষ্ঠান।"
অনুষ্ঠানে বন্দরের শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন । বর্ষবরণ অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। মেয়র প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৫৩ঘ.
bdnews24