ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত সরকার তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া সংস্কার কর্মসূচিগুলো বজায় রাখলে ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা, সংস্কৃতি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, "সংস্কার অনেক ক্ষেত্রে সফল, আবার অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিছু ক্ষেত্রে সংস্কারের প্রক্রিয়া কেবল শুরু হয়েছে। নতুন সরকার এ সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখলে ভালো হবে।"
নিজের কাজের সাফল্য-ব্যর্থতার বিবরণ দিতে গিয়ে রাশেদা কে চৌধুরী বলেন, "দাতা সংস্থাগুলোর নিজেদের কিছু সমস্যার কারণে এ বছর প্রাথমিক শ্রেণীর সব শ্রেণীতে নতুন বই দেওয়া সম্ভব হয়নি। তবে আগামী বছর থেকে প্রাথমিক স্তরের সব শিশুর হাতে নতুন বই দেওয়া হবে বলে আশা করছি। এ জন্য অতিরিক্ত ১১০ কোটি টাকা লাগবে।"
বর্তমানে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন বই এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধেক নতুন ও অর্ধেক পুরনো বই দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বেশ কয়েকবার বলেছিলেন, ২০০৯ সাল থেকে প্রাথমিক স্তরের সব শিশু নতুন বই পাবে।
তিনি জানান, বিনামূল্যে বিতরণের বই কালো বাজারে বিক্রি বন্ধে তদন্ত সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টার পদ থেকে বিদায়ের পরপরই আগের কর্মস্থল 'গণসাক্ষরতা অভিযান' এ কাজ শুরু করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, "তিন মাস অফ থাকবো। তারপর আবার সেখানে বসব। তবে যোগাযোগ থাকবে।"
সংসদ নির্বাচনের পর মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার দিন নির্ধারিত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বিদায় নেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। রোববার উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্য উপদেষ্টারাও নিজ নিজ মন্ত্রণালয়ে বিদায়ী বৈঠক করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/১৯৩৫ ঘ.
bdnews24