ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অনুমোদনবিহীন রোমিং সিমকার্ড উদ্ধার করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
রোববার রাতে বিটিআরসি ও র্যাব কর্মকর্তারা বাণিজ্য মেলায় আওয়াল কলসেন্টারের স্টলে অভিযান চালায়। এ সময় তারা সেখান থেকে বিদেশি প্রতিষ্ঠান 'ওয়ার্ল্ড সিম' এর সিম উদ্ধার করেন। সিমি বিক্রির সময় কলসেন্টারের লোকজনকে হাতেনাতে আটক করেন তারা। এ ব্যাপারে আদাবর থানায় মামলা হয়েছে।
বিটিআরসির পক্ষ থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এজাহারভুক্ত তিন আসামী বিটিআরসি'র অনুমতি না নিয়ে বিদেশি প্রতিষ্ঠান "ওয়ার্ল্ড সিম" এর সিম নিজস্ব ট্যারিফ সম্বলিত লিফলেটসহ মেলায় বিক্রি করে গ্রাহকদের প্রতারিত করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এজাহারে অভিযোগ করা হয়, এ তিনজন বিটিআরসি কলসেন্টার লাইসেন্স ছাড়া আওয়াল কলসেন্টারের অনুকূলে বিভিন্ন ধরনের প্রতারণা করছেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় আদাবর এলাকার বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি বাড়ি থেকে আনুষঙ্গিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেলিকম সেক্টরে অনিয়ম রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইন-বর্হিভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিটিআরসি দ্বিধা করবে না। আমি আশা করি অবৈধ ভিওআইপিসহ নানা বিষয়ে অনিয়মকারীরা স্বপ্রণোদিত হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮৩৬ঘ.
bdnews24