২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ-শিবির সংঘর্ষে খুলনা বিএল কলেজ বন্ধ

ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের কারণে খুলনা বিএল কলেজ সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিয়ে ওই দুটি ছাত্র সংগঠনের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৩ জন। কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও ছাত্ররা জানায়, ছাত্রলীগের একদল কর্মী সোমবার সকালে জোহা ছাত্রাবাসে গেলে ছাত্রশিবিরের কর্মীরা বাধা দেয়। এনিয়ে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

খুলনা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের কারণে খুলনা বিএল কলেজ সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিয়ে ওই দুটি ছাত্র সংগঠনের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৩ জন। কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও ছাত্ররা জানায়, ছাত্রলীগের একদল কর্মী সোমবার সকালে জোহা ছাত্রাবাসে গেলে ছাত্রশিবিরের কর্মীরা বাধা দেয়। এনিয়ে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। দৌলতপুর থানা এলাকায় অবস্থিত বিএল কলেজে এতদিন জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির আধিপত্য নিয়ে ছিল। গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে ছাত্রলীগকর্মীরা কলেজ ক্যাম্পাসে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালায় বলে শিক্ষার্থীরা জানায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, "উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। সংঘর্ষের সময় ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর হয়।" খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষকে হটিয়ে দেয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মীরা হচ্ছে- মধু, তমাল, এরশাদ, মিলন, আসাদ, হাসিব, মুনীর, গৌতম, হাবিব ও পলাশ। আহত শিবিরকর্মীরা হলেন- মোস্তাফিজ, নোমান ও বাবু। সংঘর্ষ থামাতে গিয়ে ওসিসহ দুই পুলিশ কর্মকর্তাও আহত হন বলে পুলিশ জানায়। সংঘর্ষের পর দুপুরে কলেজ কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বিকাল ৩টার মধ্যে কলেঝের সাতটি ছাত্রাবাসও ফাঁকা করে দেওয়া হয়। সংঘর্ষের জন্য উভয় সংগঠন পরস্পরকে দায়ী করেছে। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ সাংবাদিকদের বলেন, "ছাত্রশিবিরের কর্মীরা অস্ত্র-শস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালালে আমরা সাধারণ ছাত্রদের নিয়ে তাদের প্রতিরোধ করি।" ছাত্রশিবিরের মহানগর সভাপতি মুজাহিদুল ইসলাম অভির অভিযোগ, ছাত্রলীগ কর্মীরাই আগে হামলা চালায়। তিনি বলেন, "সশস্ত্র ছাত্রলীগ কর্মীরা হল দখল করতে এলে ছাত্রাবাসের ছাত্ররা তাদের প্রতিরোধ করে।" সংঘর্ষের পর কলেজ ক্যাম্পাসসহ দৌলতপুর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি শহীদুল বিকালে বলেন, "পরিস্থিতি এখন শান্ত। যে কোনও ধরনের অস্থিতিশীলতা রোধে পুলিশ তৎপর রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩১ ঘ.