সুমন মাহবুব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার গঠনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ।
আওয়ামী লীগ সভানেত্রীর সহকারী ব্যক্তিগত সচিব আব্দুস সোবহান গোলাপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি আওয়ামী লীগ সভানেত্রীকে টেলিফোন করেন। তিনি (রাষ্ট্রপতি) শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সরকার গঠনের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।"
আওয়ামী লীগের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ একাই পায় ২৩০টি আসন। মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১৪৪০ ঘ.
bdnews24