ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমনে টাস্কফোর্সের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠনের জন্য পরবর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।
তিনি বলেছেন, "গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (টাস্কফোর্স) আদলে একটি কমিটি গঠন করা হলে তা দুর্নীতি দমনে সহায়ক হবে। এ কমিটি দুর্নীতি দমন কমিশনকেও সহায়তা করতে পারবে। সরকার কোথাও কোনও ধরনের দুর্নীতির অভিযোগ পেলে এ কমিটির মাধ্যমে তা অনুসন্ধান ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।"
সোমবার নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা সাংবাদিকেদের এ কথা বলেন। তিনি স্বরাষ্ট্রের পাশাপাশি নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।
মতিন বলেন, "তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতিবিরোধী যে অভিযান শুরু করেছে, আশা করি পরবর্তী সরকারও তা চালিয়ে যাবে। দুর্নীতি দমনে যদি তাদের আন্তরিকতা থাকে তাহলে উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি তারা করবে।"
সংসদ নির্বাচনের পর মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার সময় নির্ধারিত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বিদায় নেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বিদায়ী বৈঠক হয়। উপদেষ্টারা ইতোমধ্যে নিজ নিজ মন্ত্রণালয়ে বিদায়ী বৈঠক করেছেন।
গত দুই বছরে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের মূল্যায়ন জানতে চাইলে মতিন বলেন, "আমরা একটি টিম হিসেবে কাজ করেছি। এমনভাবে কাজ করলে সব ক্ষেত্রেই সাফল্য পাওয়া সম্ভব।"
এ ক্ষেত্রে তিনি ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর এবং চট্টগ্রাম বন্দরের সমস্যা সমাধানের কথা তুলে ধরেন।
কী কী কাজ শেষ করতে পারেননি- সাংবাদিকরা জানতে চাইলে বিদায়ী উপদেষ্টা বলেন, "চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। সময় স্বল্পতা ও নানান জটিলতার কারণে তা করতে পারিনি।"
বর্তমান সরকারের দীর্ঘ মেয়াদের বিষয়ে তিনি বলেন, "একটি ভালো নির্বাচনের জন্য দুই বছর সময়ের প্রয়োজন ছিল। তারপরও এই নির্বাচন নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু সব সংশয়কে উড়িয়ে দিয়ে আমরা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি।"
বর্তমান সরকারের সময়ে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেগুলোর এখন কী হবে- জানতে চাইলে মতিন বলেন, "আমরা কাজ করার জন্য এসেছি। কাজ করতে গিয়ে যেখানে যে সমস্য হয়েছে, তা অধ্যাদেশের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি। পরবর্তী সরকারে যারা আসবেন, তারা সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই এ বিষয়গুলো বিবেচনা করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৩৪৯ ঘ.
bdnews24