২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন শপথের পর

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মন্ত্রিসভা হবে মাঝারি আকারের। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেবেন মঙ্গলবার। আর দপ্তর বণ্টন হবে তার পরে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তবে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, সে বিষয়ে মুখ খোলেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 06:00 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মন্ত্রিসভা হবে মাঝারি আকারের। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেবেন মঙ্গলবার। আর দপ্তর বণ্টন হবে তার পরে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তবে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, সে বিষয়ে মুখ খোলেননি তিনি। নতুন মন্ত্রিসভার বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধাসদনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইচটি ইমাম বলেন, "এবার মন্ত্রিসভা হবে মাঝারি আকারের। যদিও সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি।" কারা মন্ত্রী হচ্ছেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, "একটু অপেক্ষা করুন। কালই (মঙ্গলবার) দেখতে পাবেন- কারা মন্ত্রী হচ্ছেন, আর কতজন হচ্ছেন।" "তরুণ ও প্রবীণের সংমিশ্রণেই হবে মন্ত্রিসভা", বলেন তিনি। টেকনোক্র্যাট মন্ত্রী থাকবে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে ইমাম বলেন, "টেকনোক্র্যাট মন্ত্রী তো থাকেই। এবারও থাকবে।" আইন অনুযায়ী, টেকনোক্র্যাট (সংসদ সদস্যের বাইরে) মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী হতে পারেন মন্ত্রিসভার আকারের সর্বোচ্চ ১০ শতাংশ। ইমাম বলেন, "যারা মন্ত্রী হবেন তারা মঙ্গলবার শুধু শপথ নেবেন। দপ্তর বণ্টন হবে পরে।" দুর্নীতিতে অভিযুক্ত কেউ মন্ত্রিসভায় থাকছেন কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "অপেক্ষা করুন। দেখতে পাবেন।" মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ নতুন তাদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ একাই পায় ২৩০টি আসন। মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়। মন্ত্রিসভায় মহাজোটের শরিকদের স্থান দেওয়া হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২০০ ঘ.