খুলনা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর দৌলতপুরে রোববার রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় পারভেজ হাওলাদার (৩০) ও সুবর্ণা সাহা (৬০) নামে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু'জন।
নিহতরে মধ্যে পারভেজ স্থানীয় আওয়ামী লীগ কর্মী। বোমা বিস্ফোরণে গুরুতর আহত পারভেজকে কুপিয়ে নৃশংসভাবে তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা। বিস্ফোরণে আহত পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা সুবর্ণা সাহাকে (৬০) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আহত অন্য দু'জন হলেন রেখা সাহা (৩৫) ও দিলীপ কুমার সাহা (৫৫)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারভেজ দৌলতপুরের দক্ষিণ দেয়ারার বাড়ি থেকে পাবলা সাহাপাড়ায় মামাবাড়ি যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে সাহপাড়া এলাকায় পৌঁছানোর পর কয়েকজন সন্ত্রাসী বোমা ফাটিয়ে তাকে আহত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে তারা।"
বোমা বিস্ফোরণে রাস্তার পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা সুবর্ণা, রেখা ও দিলীপ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর সুবর্ণা মারা যান বলে পুলিশ কর্মকর্তা জানান।
পারভেজের চাচা মোজাম্মেল হক হাওলাদার জানান, তার ভাতিজা স্থানীয় আওয়ামী লীগের কর্মী। কী কারণে কারা তাকে হত্যা করেছে- সে সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪৭ ঘ.
bdnews24