কিশোরগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত সুভাষিনী দাস (৮৫) রোববার বিকেলে মারা গেছেন।
জাতীয় সংসদ নির্বাচনের পরদিন গত মঙ্গলবার ওই হামলায় সুভাষিনীর ছেলে কুলিয়ারচর পৌর বিএনপির সদস্য নিত্যলাল দাসও গুরুতর আহত হন।
কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, সকালে অবস্থার অবনতি হলে সুভাষিনীকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিকেলে তিনি মারা যান।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে চারদলীয় জোটের পরাজিত প্রার্থী শরিফুল আলম বলেন, "সন্ত্রাসীদের হামলায় আহত সুভাষিনী আজ (রোববার) মারা গেছেন।"
গত মঙ্গলবার নিত্যলালের বাড়িতে ওই হামলার পর কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ হোসেন বলেছিলেন, স্থানীয় আওয়ামী লীগের কর্মী আব্দুল মনসুর রুবেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়। নিত্যলাল হামলার মূল লক্ষ্য হলেও হামলাকারীরা তার মা, বোন ও স্ত্রীকেও মারধর করে।
নিত্যলাল দাস রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১২৫ ঘ.
bdnews24