য়াকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে শনিবার রাত থেকে মাওয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বেশ কয়েকঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় পদ্মার উভয় পাড়ে সৃষ্টি হওয়া যানজটে আটকা পড়ে শতশত যানবাহন। প্রচণ্ড শীতে যাত্রীদের সীমাহীন কষ্ট ভোগ করতে হয়।
আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ-
মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে শনিবার রাত থেকে মাওয়া-কাওড়াকান্দি ফেরি রুটে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় এক হাজারেরও বেশি যাত্রীসহ পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। প্রচণ্ড শীতে যাত্রীদের পদ্মার বুকেই রাত কাটাতে হয়েছে সীমাহীন দুর্ভোগের ভেতর।
এছাড়া পদ্মার উভয় পাড়ে সৃষ্টি হয় ভযাবহ যানজট।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়ার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে জানান, শনিবার রাত ৩টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ ছিল। এতে উভয় পাড়ে দুই শতাধিক গাড়ি আটকা পড়ে।
তিনি বলেন, ঘন কুয়াশায় এক ফুট দূরের বস্তুও দেখা যায়নি।
ব্যবস্থাপক জানান, ঘন কুয়াশার কারণে ধলেশ্বরী, মেঘনা ও পদ্মায় যাত্রীবাহী ১২টি লঞ্চসহ অন্তত ১৬৫টি নৌযান আটকা পড়ে নানা স্থানে।
রাজবাড়ী: ঘনকুয়াশার কারণে শনিবার রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি রুটে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় পদ্মার উভয় পাড়ে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশা ও ফেরি স্বল্পতার কারণে শনিবার রাত ১টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
এ সময় গাড়ির যাত্রীরা প্রচণ্ড শীতে সীমাহীন দুর্ভোগে পড়েন।
তিনি জানান, দু'টি ফেরি বিকল থাকার কারণে এখন ৭টি ফেরি দিয়ে কাজ চালাতে হচ্ছে।
ঘন কুয়াশার কারণে গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্তও ৮ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১১১ঘ.
bdnews24