ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রমনায় বাংলা নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলা মামলার অভিযোগপত্র গ্রহণ ও অভিযুক্তদের আদালতে হাজিরার জন্য দিন ধার্য হয়েছে ১১ জানুয়ারি। রোববার সকালে এই তারিখ ঠিক করেন ঢাকার মহানগর দায়রা জজ এএনএম বশির উল্লাহ।
গত ৩০ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ও হত্যার অভিযোগে দু'টি পৃথক অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তা সহকারী নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় শুধু বিস্ফোরক মামলার অভিযোগপত্র গ্রহণ ও অভিযুক্তদের আদালতে হাজির করার জন্য এই তারিখ ধার্য করেছেন বিচারক। হত্যা মামলার অভিযোগপত্র ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে এখনো মহানগর দায়রা জজ আদালতে পৌঁছেনি।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে অভিযুুক্তরা ১০ জনকে হত্যা করে। আহত হয় অনেক লোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৪৫ঘ.
bdnews24