ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়ার মৃদু শৈত্যপ্রবাহ আরও দু' একদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহের প্রভাবে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে এসেছে।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও দু' একদিন অব্যাহত থাকতে পারে।"
তিনি বলেন, "মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিরাজ করছে। এটি আরও পূর্ব দিকে সরে আসলে তাপমাত্রা আরও কমে যাবে। পূর্ব দিক থেকে শীতল বায়ু প্রবাহিত হওয়ায় পূর্বাঞ্চলেও শৈত্য প্রবাহ অনুভূত হচ্ছে।"
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী বিভাগ ছাড়াও রাঙামাটি, কুমিল্লা, শ্রীমঙ্গল, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশালে শৈত্য প্রবাহ অনুভূত হচ্ছে। শুক্রবার থেকেই এসব এলাকার উপর দিয়ে শীতল বায়ু প্রবাহ শুরু হয়। শনিবার তাপমাত্রা আরও কমে আসে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ও শ্রীমঙ্গলে ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা হতে পারে। অন্যান্য এলাকাতেও হালকা থেকে মাঝারী কুয়াশা হতে পারে।
রাজশাহী বিভাগসহ রাঙামাটি, কুমিল্লা, শ্রীমঙ্গল, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশালের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২০৩৫ ঘ.
bdnews24