ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর বিসিলে আফরোজা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে কদমতলী থানার ওয়াসা পুকুর পাড় থেকে ফয়সাল নাহিদ নামে ১২ বছরের এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হক জানান, মাথায় আঘাতপ্রাপ্ত আফরোজাকে দুপুরে উত্তর বিশিল এলাকার ডি ব্লকের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহতের ভাই আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আফরোজা তার স্বামী আব্দুল মান্নানের সঙ্গে ওই বাসায় থাকতেন। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে বাসায় ফিরে মান্নান স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানান, আফরোজা মারা গেছে।
পুলিশ কর্মকর্তা কামরুল হক বলেন, "ঘটনাটি রহস্যজনক। পরিবারের সদস্যরা বলছে, আফরোজার গলায় তিন ভরি ওজনের একটি হার ছিল- যা খুঁজে পাওয়া যাচ্ছে না। আলমারি থেকেও কিছু গহনা খোয়া গেছে। সংশ্লিষ্ট সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
এদিকে কদমতলী থানার ওয়াসা পুকুরপাড় এলাকা থেকে শুক্রবার সকালে ফয়সাল নাহিদ নামে এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় একটি লেদ কারখানায় কাজ করত।
নিহতের মা নাজমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হওয়ার পর নাহিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। লেদ কারখানার কোনো ঘটনার জেরে তার ছেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান তিনি।
কদমতলী থানার উপপরিদশক আব্দুর রহমান জানান, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২২৫৫ ঘ.
bdnews24