২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি নামাজের পরিবেশ নষ্ট করুক তা চাই না: নতুন খতিব

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নবনিযুক্ত খতিব মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে বায়তুল মোকাররমে নামাজের পরিবেশ নষ্ট করা হোক তা তিনি চান না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নবনিযুক্ত খতিব মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে বায়তুল মোকাররমে নামাজের পরিবেশ নষ্ট করা হোক তা তিনি চান না। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ইসলাম শান্তির ধর্ম। আমরা চাই না, মসজিদ ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নামাজের পরিবেশ নষ্ট করা হোক। তাই বায়তুল মোকাররমের ভিতরে ও আশপাশে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের জন্য আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করব।" ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদকে ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত দুই বছরে জরুরি অবস্থার মধ্যেও দলগুলো জুম্মার নামাজের পর মসজিদ প্রাঙ্গণকে সভা-সমাবেশের স্থান হিসেবে বেছে নিয়েছে। এ নিয়ে দলগুলোর কর্মীদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, "মসজিদ পবিত্র জায়গা। এখানে শান্তির পরিবেশ নষ্ট হোক এটা কারো কাম্য নয়। মসজিদে যেন শান্তি থাকে সে চেষ্টাই আমি চালাব।" ইমামরাও যাতে রাজনৈতিক বক্তব্য না দেন সেজন্য তাদের বোঝানো হবে বলে জানান তিনি। নবনিযুক্ত খতিব বলেন, "মসজিদ ধর্মীয় আলোচনার জায়গা। এখানে রাজনৈতিক আলোচনা অশান্তির কারণ হতে পারে। এটা যেন না হয় সে বিষয়েও আমরা সচেষ্ট থাকব। "মসজিদ আল্লাহর ঘর। এখান থেকে শান্তির বাণী প্রচার করব।"- বলেন তিনি ধর্ম মন্ত্রণালয়ের আদেশে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বৃহস্পতিবার মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনকে বায়তুল মোকাররম মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেয়। আগামী রোববার তিনি কাজে যোগ দেবেন। এর আগে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে মাওলানা উবায়দুল হকের মৃত্যুর পর মুফতি মুহাম্মদ নুরুদ্দীন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এমএইচবি/২২১৯ ঘ.