ঝিনাইদহ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রাম থেকে বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এম-এল জনযুদ্ধ) শীর্ষস্থানীয় ক্যাডার বদিউজ্জামান বদি ওরফে পলাশকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি তাজা বোমা।
গ্রেপ্তারকৃত বদি মেহেরপুর জেলার গাংনী উপজেলার মালসার গ্রামের মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে চরমপন্থী নেতাদের মধ্যে যারা বেঁচে আছেন বদি তাদের অন্যতম বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর তারিক জানান, বদি ভারতে পালিয়ে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফিরে আসেন। বৃহষ্পতিবার র্যাব খবর পায়- বদি দু'জন সঙ্গীসহ বাসে করে ঝিনাইদহ আসছেন। ভাটই এলাকায় বাসে তল্লাশি করে তাকে ধরতে ব্যর্থ হয় র্যাব।
দুধসর এলাকায় গভীর রাতে তিনজন অপরিচিত লোক ঘুরাফেরা করছে- এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে যায়। র্যাব সদস্যরা ওই তিনজনকে চ্যালেঞ্জ করলে বদি তার হাতে থাকা ব্যাগ ছুঁড়ে ফেলে অপর দুই সঙ্গীর সঙ্গে দৌড়ে পালানোর চেষ্টা করেন।
পরে তাকে ধাওয়া করে আটক এবং তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। ফেলে দেওয়া ব্যাগে পাওয়া যায় দুটি তাজা বোমা।
মেজর তারিক জানান, গ্রেপ্তারকৃত বদির বিরুদ্ধে চারটি হত্যা, একটি অপহরণ, একটি বোমাবাজি ও একটি রাষ্ট্রদ্রোহের মামলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৬ ঘ.
bdnews24