২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিখোঁজ অন্তত ৯

পটুয়াখালীর লোহালিয়া নদীতে ঈদে ঘর ফেরা যাত্রীবোঝাই দুটি লঞ্চের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছে। আরো শতাধিক যাত্রী প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন যাদের মধ্যে কতজন তীরে উঠতে পেরেছেন তা নিশ্চিত নয়। তবে দুমকি উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় চক্রবর্তী নিখোঁজ ৯ জন বলে জানিয়েছেন। জানাচ্ছেন প্রতিনিধি খন্দকার দেলোয়ার জালালী ।(আরও তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

পটুয়াখালী, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পটুয়াখালীর লোহালিয়া নদীতে ঈদে ঘর ফেরা যাত্রীবোঝাই দুটি লঞ্চের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছে। আরো শতাধিক যাত্রী প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন যাদের মধ্যে কতজন তীরে উঠতে পেরেছেন তা নিশ্চিত নয়। তবে দুমকি উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় চক্রবর্তী নিখোঁজ ৯ জন বলে জানিয়েছেন। সোমবার দিবাগত ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরগরবদি গ্রাম সংলগ্ন নদীতে এমভি মানিক-৫ ও এমভি রেডসান-৫ লঞ্চের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। জানাচ্ছেন প্রতিনিধি খন্দকার দেলোয়ার জালালী । এমভি মানিক-৫ এর আহত যাত্রী মোঃ সুলতান জানান, তারা সেহেরী খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সময় রেডসান-৫ এসে তাদের লঞ্চকে ধাক্কা দেয়। এতে এমভি মানিক-৫ এর বাঁ পাশের রেলিং দুমড়ে মুচড়ে ভেতরে ঢুকে যায়। দুমকি থানা পুলিশ মানিক-৫ লঞ্চটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই রেডসান-৫ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পটুয়াখালীতে যাত্রী নামিয়ে এমভি রেডসান-৫ ঢাকার উদ্দেশে ফিরছিল। এসময় শতাধিক যাত্রী আহত হয়েছে বলে যাত্রীরা জানায়। রিপন ও রায়হান নামের দু'তরুণ জানান তারা ধাক্কায় ঘুম ভেঙে দেখেন লঞ্চে শুধু পানি। তারা দু'জনই নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে তীরে ওঠেন। রিপন ও রায়হান জানান, দুর্ঘটনার সময় শতাধিক যাত্রী প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে তাদের ধারণা। তবে কতজন যাত্রী নিখোঁজ তা কেউ নিশ্চিত নন। দুমকি উপজেলা প্রশাসন মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত ৯ জন যাত্রীর নিখোঁজের কথা স্বীকার করেছেন। এর মধ্যে দু'জনের ঠিকানা পাওয়া গেছে। এরা হচ্ছেন বাউফলের দাশপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান (২৫) ও জহিরুল ইসলাম (১৫) নামে দুই ভাই। তাদের বাবার নাম মনিরুল ইসলাম। সোমবার বিকেল ৪টায় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি মানিক-৫ এ হাজারের বেশি যাত্রী ছিল বলে মোঃ সুলতান দাবি করেন। আহত আরেকজন যাত্রী মাহবুবুর রহমানও অনুরূপ দাবি করে জানান, ঠাসাঠাসি করে তারা কোন মতে লঞ্চে ঠাঁই নেন। আহতদের বাউফল, দুমকী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দুমকী উপজেলা নির্বাহী অফিসার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৩৫১ঘ.