২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নমানের গুঁড়োদুধ বিক্রির শাস্তি বাড়ছে: স্বাস্থ্য উপদেষ্টা

নিম্নমানের গুঁড়োদুধ আমদানি ও বাজারে তা বিক্রি রোধে 'দি ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট (রেগুলেশন অব মার্কেটিং) অর্ডিনেন্স ১৯৮৪' সংশোধন করে শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নমানের গুঁড়োদুধ আমদানি ও বাজারে তা বিক্রি রোধে 'দি ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট (রেগুলেশন অব মার্কেটিং) অর্ডিনেন্স ১৯৮৪' সংশোধন করে শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিষাক্ত রাসায়নিক মেলামাইন মিশ্রিত চীনা গুঁড়োদুধ বিক্রি রোধে সরকারের সর্বশেষ অবস্থান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) ইতোমধ্যে এ সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে। উপদেষ্টা জানান, ১৯৮৪ সালের আইনটিতে এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে শাস্তির পরিমাণ ঠিক রেখে জরিমানার পরিমাণ পাঁচ লাখ টাকা করার কথা বলা হয়েছে। তবে একই ধরনের অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তির পরিমাণ বেড়ে পাঁচ বছর কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। দুধে মেলামাইন পরীক্ষায় সরকার ও বিএসটিআই'র নেয়া পদক্ষেপ সম্পর্কে উপদেষ্টা জানান, বিএসটিআই গুঁড়ো দুধের রাসায়নিক পরীক্ষার উপাদান (রি-এজেন্ট) এখনো আমদানি করা যায়নি। তাই বিএসটিআই থেকে দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তারা এ ব্যাপারে পরীক্ষার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান জানান, মেলামাইন পরীক্ষার সরঞ্জাম তাদের কাছে রয়েছে। কিন্তু তাদের রাসায়নিক পরীক্ষার উপাদান (রি-এজেন্ট) নেই। এটা সংগ্রহ করা সম্ভব হলে, তারাই এ পরীক্ষা করতে পারবেন। তবে এসব উপাদান আমদানি করতে হবে বিদেশ থেকে। শওকত আলী জানান, তিনটি ব্র্যান্ডের দুধ (ইয়াশিলি-১ ও ২ এবং সুইট বেবি-২) উৎপাদনকারী দেশ চীনেই নিষিদ্ধ হয়েছে। তাই পরীক্ষা ছাড়াই বাংলাদেশ এসব দুধ নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দুধ বাজারজাতকরণ বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশে গুঁড়ো দুধের আমদানি কমেছে দাবি করে শওকত আলী বলেন, ২০০৪-০৫ সালে দেশে প্রায় ৭৪৮ কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করা হয়েছে। ২০০৫-০৬ সালে তা কমে ৫৭৫ কোটি টাকা হয়। তবে ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থবছরের আমদানির কোনো পরিসংখ্যান তিনি জানাতে পারেননি। অবশ্য বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ গত ২১ সেপ্টেম্বর জানান, জুলাই '০৭ থেকে জুন '০৮ পর্যন্ত দেশের প্রায় ৪২ হাজার ৫৮৭ টন গুঁড়ো দুধ আমদানি করা হয়েছে। আর চলতি বছরের জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানির পরিমাণ ছিল ছয় হাজার ৬৬০ টন। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব এ এম এম নাসির উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এস এম ফায়েজ, আইপিএইচএন পরিচালক ও নিবন্ধণকারী কর্তৃপক্ষের প্রধান ফাতেমা পারভীন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/২৩০১ ঘ.