২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ থানার অক্সিজেন এলাকা থেকে রোববার দুপুরে মহিলাসহ অজ্ঞান পার্টি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ থানার অক্সিজেন এলাকা থেকে রোববার দুপুরে মহিলাসহ অজ্ঞান পার্টি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ রাজু (৩০) এবং তাহমিনা আক্তার (২০)। তারা দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন সরঞ্জামও পুলিশ উদ্ধার করে। বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে বারটার দিকে অজ্ঞান পার্টি চক্রের এই দম্পতিকে নগরীর অক্সিজেন এলাকার নয়ার হাটের শামসুদ্দিনের ভাড়া ঘর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকপাতা সিডাক্সিন নামের ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়। রফিক উল্লাহ জানান, ওই দম্পতি নগরীর অক্সিজেন বাস টার্মিনালে যাত্রীদের সাথে সখ্যতা গড়ে তুলে কৌশলে ডাব, পানি ও চায়ের সঙ্গে সিডাক্সিন ট্যাবলেটের গুঁড়ো মিশিয়ে অজ্ঞান করত। লোকে অচেতন হয়ে গেলে তারা তাদের জিনিসপত্র নিয়ে সটকে পড়ত। অজ্ঞান পার্টির ওই চক্রে আরও দশজনের মত সদস্য রয়েছে বলে দম্পতিটি জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় বায়েজীদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯৫৪ঘ.