ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বাংলাদেশের স্থলভাগে উঠে এসেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে। দেশের তিনটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং দক্ষিণাঞ্চলের নৌ বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে লঘুচাপটি স্থলভাগে উঠে এসেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি বরিশাল, পটুয়াখালি ও মাদারীপুর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া কক্সবাজারে ৬৭, খুলনায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌ ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। অন্যত্র মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২১৪৬ ঘ.
bdnews24