ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বরিশাল রুটে রোববার থেকে ফ্লাইট চালানো শুরু করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ। বর্তমানে এই রুটে অন্য কোনো প্রতিষ্ঠানের ফ্লাইট চলাচল করে না।
ইউনাইটেড এয়ারওয়েজের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার একটি করে সপ্তাহে মোট তিনটি ফ্লাইট এ রুটে চলবে।
একমুখী ভ্রমণের জন্য টিকেটের দাম ধরা হয়েছে করসহ ৪৪৯৫ টাকা। আর দ্বিমুখী ভ্রমণের জন্য ৮৯৯০ টাকা। 'উদ্বোধনী অফার' হিসেবে দুটি টিকিট কিনলে একটি 'ফ্রি' দেওয়া হচ্ছে।
প্রবাসী বাংলাদেশীদের ৯৫ ভাগ বিনিয়োগে পরিচালিত ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালের ১০ জুলাই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট চালাচ্ছে। গত বুধবার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে ইউনাইটেড এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24